রাজশাহী বিশ্ববিদ্যালয়, ১৭ আগস্ট ২০২৬:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য প্রফেসর মো. ফরিদুল ইসলামের সাথে জাপানের ওকায়ামা শোকা বিশ্ববিদ্যালয় পরিচালনা পর্ষদের ভাইস-চেয়ারম্যান ড. হিরোইউকি ইজিরির নেতৃত্বে দুই সদস্যের এক প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন। রবিবার সন্ধ্যায় ঢাকার বনানীস্থ হোটেল আমারিতে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
একই দিন রাতে হিরোসিমা প্রিফেকচারাল বিশ্ববিদ্যালয়ের লাইফ সায়েন্স বিভাগের প্রফেসর শিনজিরো ওগিতাও উপাচার্যের সাথে সাক্ষাৎ ও মতবিনিময় করেন।
এসব মতবিনিময়ে রাবি এবং জাপানের উচ্চশিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানগুলোর মধ্যে একাডেমিক সহযোগিতা, শিক্ষার্থী বিনিময় ও যৌথ শিক্ষা কার্যক্রম জোরদারের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। সেখানে একাডেমিক এক্সচেঞ্জ ও একটি ‘২+২’ একাডেমিক প্রোগ্রাম চালুর বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
প্রস্তাবিত ‘২+২’ প্রোগ্রামের আওতায় যোগ্য শিক্ষার্থীরা তাদের স্নাতক পর্যায়ের প্রথম দুই বছর রাবিতে অধ্যয়ন করবেন ও পরবর্তী দুই বছর জাপানের একটি অংশীদার উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নের সুযোগ পাবেন। প্রোগ্রামটি সফলভাবে সম্পন্ন করার পর শিক্ষার্থীরা জাপানের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কাছ থেকে একটি আনুষ্ঠানিক সনদ লাভের সুযোগ পাবেন।
এই প্রসঙ্গে রাবি উপাচার্য বলেন, প্রস্তাবিত একাডেমিক সহযোগিতা রাবি শিক্ষার্থীদের আন্তর্জাতিক পর্যায়ে একাডেমিক অভিজ্ঞতা অর্জনের সুযোগ সম্প্রসারিত করবে এবং তাদের একাডেমিক ও পেশাগত দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বাংলাদেশ ও জাপানের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে জ্ঞান বিনিময়, গবেষণা সহযোগিতা ও শিক্ষার্থী আদান-প্রদানের সুযোগ সৃষ্টি হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
মতবিনিময়কালে রাবি অফিস অব দ্যা ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক প্রফেসর মুহাম্মদ সাজ্জাদুর রহিম ও ম্যাটেরিয়ালস সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সভাপতি প্রফেসর মো. আব্দুল মতিনসহ সংশ্লিষ্ট অন্যরা উপস্থিত ছিলেন।
প্রফেসর এস এম কামরুজ্জামান
প্রশাসক, জনসংযোগ দপ্তর
