রাজশাহী বিশ্ববিদ্যালয়, ১৩ মে ২০২৬:
কোরিয়ার King Sejong Institute Foundation ও Songgok University-এর একটি সমন্বিত প্রতিনিধিদল আজ বুধবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য প্রফেসর মো. ফরিদুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও আলোচনা করেন। প্রতিনিধিদলের নেতৃত্ব দেন King Sejong Institute Foundation-এর অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক জিয়ংহোয়ান জিয়ন।
প্রশাসন ভবন-১ এর কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত এ মতবিনিময়ে রাবিতে একটি King Sejong Institute প্রতিষ্ঠার বিষয়ে আলোচনা হয়। আলোচনায় প্রতিনিধিদলটি রাবি শিক্ষার্থীদের মধ্যে কোরিয়ান ভাষা ও সংস্কৃতি শিক্ষার প্রসার, একাডেমিক সহযোগিতা বৃদ্ধি ও সাংস্কৃতিক বিনিময়ের সম্ভাবনা নিয়ে মতবিনিময় করেন। প্রস্তাবিত King Sejong Institute প্রতিষ্ঠিত হলে শিক্ষার্থীরা কোরিয়ান ভাষা শিক্ষার পাশাপাশি দক্ষিণ কোরিয়ায় উচ্চশিক্ষা ও কর্মসংস্থানের নতুন সুযোগ লাভ করবে বলে আশা প্রকাশ করা হয়। উপাচার্য এ উদ্যোগকে স্বাগত জানান এবং আন্তর্জাতিক সহযোগিতা সম্প্রসারণে বিশ্ববিদ্যালয়ের আগ্রহের কথা উল্লেখ করেন। তিনি শিক্ষার্থীদের বৈশ্বিক দক্ষতা উন্নয়নে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মত প্রকাশ করেন। প্রতিনিধিদলের সদস্যরা বিশ্বব্যাপী কোরিয়ান ভাষা ও সংস্কৃতি প্রচারে King Sejong Institute-এর ভূমিকার কথা তুলে ধরেন। বৈঠক শেষে উভয় পক্ষ ভবিষ্যতে সহযোগিতা ও রাবিতে King Sejong Institute প্রতিষ্ঠার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।
সাক্ষাৎকালে রাবি উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন, উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা: ফরিদ উদ্দীন খান, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ইফতিখারুল আলম মাসউদ, ইনস্টিটিউট অব অফিস এন্ড আদার ল্যাঙ্গুয়েজেজের পরিচালক প্রফেসর মাসউদ আখতার, অফিস অব দ্যা ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক প্রফেসর মুহাম্মদ সাজ্জাদুর রহিম, সহকারী পরিচালক প্রফেসর মো. আতিকুল ইসলামসহ সংশ্লিষ্ট অন্যরা উপস্থিত ছিলেন।
প্রশাসক
জনসংযোগ দপ্তর
