রাজশাহী বিশ্ববিদ্যালয়, ৩০ সেপ্টেম্বর ২০২৬:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আজ বুধবার ব্রিটিশ কাউন্সিলের ইয়থ কানেক্ট: ডিজিটাল রেজিলিয়েন্স শীর্ষক প্রকল্পের আলোচনা অনুষ্ঠিত হয়। এদিন সকাল ৯:৩০ মিনিটে প্রকৌশল অনুষদ গ্যালারিতে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিটিশ কাউন্সিলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) স্কট ম্যাগডোলনান্ড এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাবি উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মো. আব্দুল আলিম, উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মামুনুর রশীদ ও ঢাকাস্থ ইউনিভার্সিটি অব লিবারাল আর্টস বাংলাদেশ এর সামাজিক বিজ্ঞান অনুষদের অধিকর্তা এবং মিডিয়া স্টাডিজ এন্ড জার্নালিজম বিভাগের প্রধান প্রফেসর দিন এম সুমন রহমান।
রাবি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি প্রফেসর মো. সাজ্জাদ হোসেন বকুল অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা দেন। প্রকল্পের অভিজ্ঞতা বিনিময় পর্বে রাবির প্রফেসর নাজিয়াত হোসেন চৌধুরী ও শিক্ষার্থী শাহ পরান (গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ) ও মিফতাহুল জান্নাত (ইংরেজি বিভাগ) বক্তব্য রাখেন। এছাড়া বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের শিক্ষক সাজ্জাদ হোসেন ও শিক্ষার্থী আশিক হোসেন বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে উপ-উপাচার্য (প্রশাসন) তাঁর বক্তব্যে বলেন, বর্তমানে আমরা এক ডিজিটাল যুগে বাস করছি। ফলে আমরা প্রায় সকল ক্ষেত্রেই প্রযুক্তির উপর নির্ভরশীল হয়ে পড়েছি। প্রযুক্তি আমাদের অনেক ক্ষেত্রে কাজকর্ম সহজ করে দিয়েছে। কিন্তু অনেক ক্ষেত্রে এর অপব্যবহারও হচ্ছে। এজন্য অপব্যবহারের জন্য প্রযুক্তিকে দোষ দেওয়া যায় না। বিষয়টি আমরা যারা প্রযুক্তি ব্যবহার করছি তাদের উপর নির্ভর করছে। ইয়থ কানেক্ট প্রকল্প থেকে প্রাপ্ত জ্ঞান ও অভিজ্ঞতা আমাদের ডিজিটাল যুগে দায়িত্বশীলতা ও স্থিতিস্থাপকতা অর্জনে সহায়তা করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
উপ-উপাচার্য (শিক্ষা) তাঁর বক্তব্যে বলেন, বর্তমান ডিজিটাল প্রযুক্তি নির্ভর জীবনযাত্রায় যেমন অনেক সুযোগ আছে তেমন চ্যালেঞ্জও আছে। এই চ্যালেঞ্জকে মোকাবেলার জন্য দায়িত্বশীলতার পরিচয় দেওয়া একান্ত প্রয়োজন। এর মাধ্যমে যে স্থিতিস্থাপকতা গড়ে উঠবে তা ডিজিটাল যুগের সুযোগ নিশ্চিত করতে সহায়তা করবে। প্রসঙ্গক্রমে তিনি বলেন, রাবিতে ডিজিটাল চ্যালেঞ্জকে সুযোগে রূপান্তরিত করার জন্য গৃহীত পদক্ষেপের কথাও উল্লেখ করেন।
প্রসঙ্গত, ব্রিটিশ কাউন্সিলের ইয়থ কানেক্ট প্রকল্পটি ইউনিভার্সিটি অব লিবারাল আর্টস বাংলাদেশ-এর সহায়তায় রাবি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ এবং বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম এন্ড মিডিয়া স্টাডিজের মাধ্যমে বাস্তবায়িত হচ্ছে।

প্রফেসর এস এম কামরুজ্জামান
প্রশাসক, জনসংযোগ দপ্তর