রাজশাহী বিশ্ববিদ্যালয়, ১৬ নভেম্বর ২০২৬:
চীনের রাজধানী বেইজিংয়ে ১৩ থেকে ১৫ নভেম্বর অনুষ্ঠিত তিন দিনব্যাপী ‘বিশ্ব চীনা ভাষা সম্মেলন ২০২৬’ (World Chinese Language Conference 2026)-এ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য প্রফেসর মো. ফরিদুল ইসলামের নেতৃত্বে তিন সদস্যের এক প্রতিনিধিদল অংশগ্রহণ করে। সম্মেলনে রাবির কনফুসিয়াস ইনস্টিটিউটকে আন্তর্জাতিকভাবে স্বীকৃত চীনা ভাষার দক্ষতা যাচাই পরীক্ষা  HSK (Hanyu Shuiping Kaoshi) পরিচালনার অনুমোদন প্রদান করা হয়েছে। এটি রাবিতে আন্তর্জাতিক শিক্ষা কার্যক্রম সম্প্রসারণে একটি গুরুত্বপূর্ণ অর্জন।
প্রতিনিধিদলের অন্য দুই সদস্য হলেন রাবি কনফুসিয়াস ইনস্টিটিউটের বাংলাদেশি পরিচালক প্রফেসর মুহাম্মদ সাজ্জাদুর রহিম এবং চীনা পরিচালক সহযোগী অধ্যাপক ঝাং শি (Zhang Xi)।
বেইজিংয়ের চায়না ন্যাশনাল কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত এ আন্তর্জাতিক সম্মেলনে বিশ্বের ১৬০টিরও বেশি দেশ ও অঞ্চলের প্রায় ২ হাজার প্রতিনিধি অংশগ্রহণ করেন।
অংশগ্রহণকারীদের মধ্যে বিভিন্ন দেশের উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও অন্যান্য শীর্ষস্থানীয় প্রতিনিধি, শিক্ষাবিদ, গবেষক, আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি এবং চীনা ভাষা শিক্ষা সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন। সম্মেলনে ১ হাজার ৫ শতটিরও বেশি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব ছিল।
চীনের শিক্ষা মন্ত্রণালয়ের আয়োজনে অনুষ্ঠিত এবারের সম্মেলনের প্রতিপাদ্য ছিল ‘Chinese: More Than a Language’। সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে চীনের ভাইস প্রেসিডেন্ট হান ঝেং (Han Zheng) বক্তব্য প্রদান করেন। সম্মেলনে চীনা ভাষা শিক্ষার প্রসার, আধুনিক প্রযুক্তিনির্ভর ভাষা শিক্ষা, আন্তর্জাতিক শিক্ষা সহযোগিতা এবং বিভিন্ন দেশের মধ্যে সাংস্কৃতিক বিনিময় জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।
রাবি প্রতিনিধিদল সম্মেলনের বিভিন্ন অধিবেশন, আলোচনা ও অন্যান্য কার্যক্রমে অংশগ্রহণ করে। বিশেষ করে আন্তর্জাতিক চীনা ভাষা শিক্ষা,  HSK পরীক্ষা কার্যক্রম ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণের বিষয় গুরুত্ব পায়।
এই সম্মেলনে রাবি কনফুসিয়াস ইনস্টিটিউটকে  HSK পরীক্ষা পরিচালনার অনুমোদন প্রদান করা হয়, যা বিশ্ববিদ্যালয়টির জন্য একটি উল্লেখযোগ্য আন্তর্জাতিক স্বীকৃতি। এর ফলে প্রয়োজনীয় প্রশাসনিক ও কারিগরি প্রস্তুতি সম্পন্ন করার পর রাবিতে চীনা ভাষার আন্তর্জাতিক মানের দক্ষতা যাচাই পরীক্ষা আয়োজনের সুযোগ সৃষ্টি হলো।
রাবিতে  HSK পরীক্ষা আয়োজনের সুযোগ সৃষ্টি হওয়ায় শুধু রাবির শিক্ষার্থীরাই নন, রাজশাহীসহ দেশের বিভিন্ন অঞ্চলের চীনা ভাষা শিক্ষার্থীরাও উপকৃত হবেন। বিশেষ করে চীনে উচ্চশিক্ষা ও বৃত্তির জন্য আগ্রহী শিক্ষার্থীদের ভাষাগত যোগ্যতা অর্জন ও মূল্যায়নের ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বিশ্ব চীনা ভাষা সম্মেলনে রাবি প্রতিনিধিদলের অংশগ্রহণ এবং  HSK পরীক্ষা পরিচালনার অনুমোদন লাভ এই বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিকীকরণ কার্যক্রমে নতুন মাত্রা যোগ করবে বলে উপাচার্য আশাবাদ ব্যক্ত করেন। পাশাপাশি এটি বাংলাদেশ ও চীনের মধ্যে শিক্ষা, ভাষা ও সাংস্কৃতিক সহযোগিতা আরও সুদৃঢ় করতে সহায়ক হবে বলেও তিনি উল্লেখ করেন।
HSK হলো চীনা ভাষায় দক্ষতা মূল্যায়নের একটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত পরীক্ষা। চীনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা গ্রহণ, চীনা সরকারি বৃত্তির জন্য আবেদন এবং চীনা ভাষার দক্ষতা প্রয়োজন এমন বিভিন্ন পেশাগত ক্ষেত্রে এই পরীক্ষার সনদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
উল্লেখ্য, রাবি ও চীনের হংহে বিশ্ববিদ্যালয়ের যৌথ সহযোগিতায় রাবিতে কনফুসিয়াস ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয়েছে। এই ইনস্টিটিউটের মাধ্যমে চীনা ভাষা শিক্ষা, সাংস্কৃতিক বিনিময় এবং বাংলাদেশ ও চীনের মধ্যে শিক্ষা ও গবেষণা সহযোগিতা সম্প্রসারণের কার্যক্রম পরিচালিত হচ্ছে।

প্রফেসর এস এম কামরুজ্জামান
প্রশাসক, জনসংযোগ দপ্তর
রাজশাহী বিশ্ববিদ্যালয়