রাজশাহী বিশ্ববিদ্যালয়, ৩০ সেপ্টেম্বর ২০২৬:
বিশ্বখ্যাত ‘টাইমস হায়ার এডুকেশন (টিএইচই)-এর ওয়াল্ড ইউনিভার্সিটি র্যাংকিং ২০২৭’-এ রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) যৌথভাবে দ্বিতীয় স্থান লাভ করেছে। চতুর্থবারের মতো রাবি এই অবস্থানে থাকলেও কয়েকটি সূচকে অগ্রগতি হয়েছে। আজ বুধবার টিএইচই-এর ওয়েবসাইটে প্রকাশিত তালিকা থেকে এ তথ্য জানা গেছে। শিক্ষা ও গবেষণার মান, শিক্ষক-শিক্ষার্থীর অনুপাত, সাইটেশন ও আন্তর্জাতিক শিক্ষার্থীসহ অন্য কয়েকটি সূচকের ওপর ভিত্তি করে বিশ্বের ১১৮টি দেশের ২২৯৭টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে মূল্যায়ন করা হয়েছে। এবারের র্যাংকিং তালিকায় ১০০১-১২০০ এর মধ্যে রাবি অবস্থান করছে।
টিএইচই র্যাংকিংয়ে রাবির এ অর্জনে উপাচার্য প্রফেসর মো. ফরিদুল ইসলাম ও উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মো. আব্দুল আলিম, উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মামুনুর রশীদ সংশ্লিষ্ট সকল শিক্ষক, শিক্ষার্থী ও গবেষককে অভিনন্দন জানিয়েছেন। শিক্ষা ও গবেষণা ক্ষেত্রে রাবির উত্তরোত্তর অগ্রযাত্রায় এই অর্জন অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।
প্রফেসর এস এম কামরুজ্জামান
প্রশাসক, জনসংযোগ দপ্তর
