সংবাদ বিজ্ঞপ্তি
রাবিতে অ্যাক্রিডিটেশন প্রস্তুতি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
রাজশাহী বিশ্ববিদ্যালয় ৬ ও ৮ এপ্রিল ২০২৬:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি)-এর উদ্যোগে ‘Workshop on Preparation for Accreditation’ শীর্ষক দুই দিনব্যাপী একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ৬ ও ৮ এপ্রিল ২০২৬ তারিখে বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি কনফারেন্স রুমে আয়োজিত এ কর্মশালায় সভাপতিত্ব করেন আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. মো. আবু রেজা।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম. ফরিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালকবৃন্দ প্রফেসর ড. মো. কামাল উদ্দিন এবং প্রফেসর ড. মো. মনিমুল হক। কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে দায়িত্ব পালন করেন প্রফেসর ড. মো. মনিমুল হক ও প্রফেসর ড. মো. কামাল উদ্দিন।
দুই দিনব্যাপী এই কর্মশালায় মোট আট সেশনের মাধ্যমে বাংলাদেশ অ্যাক্রিডিটেশন কাউন্সিল (BAC)-এর মানদণ্ড, নীতিমালা ও বাস্তব প্রয়োগ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। প্রথম দিনে “BAC Accreditation: Compliance with Accreditation Standards and Criteria”, “BNQF: Adaption and Maintenance” এবং “ Assessment using BAC Rubrics ” শীর্ষক সেশন অনুষ্ঠিত হয়। এছাড়া “Preparation to apply for BAC Accreditation with Exercise-1” এর মাধ্যমে অংশগ্রহণকারীদের অ্যাক্রিডিটেশন আবেদন প্রক্রিয়ার প্রাথমিক ধাপ সম্পর্কে হাতে-কলমে ধারণা দেওয়া হয়।
দ্বিতীয় দিনে “Curriculum Review and Course File” শীর্ষক সেশনে পাঠ্যক্রম পর্যালোচনা এবং কোর্স ফাইল প্রস্তুতের কৌশল তুলে ধরা হয়। পাশাপাশি “Preparation to apply for BAC Accreditation with Exercise-2, 3 and 4” এর মাধ্যমে আবেদন প্রক্রিয়ার উন্নত ধাপসমূহ অনুশীলন করা হয়। প্রতিদিনের কার্যক্রম শেষে উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণকারীরা তাদের মতামত ও অভিজ্ঞতা বিনিময় করেন।
অনুষ্ঠানে আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. মো. আবু রেজা বলেন, শিক্ষার গুণগত মান নিশ্চিতকরণে অ্যাক্রিডিটেশন বর্তমানে অপরিহার্য। আন্তর্জাতিক মানদণ্ডে শিক্ষা কার্যক্রম পরিচালনার জন্য অ্যাক্রিডিটেশন প্রক্রিয়া সম্পর্কে সঠিক ধারণা ও বাস্তব প্রয়োগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. এম. ফরিদুল ইসলাম বলেন, বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে হলে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোকে মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে হবে এবং অ্যাক্রিডিটেশন সেই লক্ষ্য অর্জনের একটি কার্যকর মাধ্যম।
কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন। আয়োজকরা আশা প্রকাশ করেন, এই কর্মশালা শিক্ষার গুণগত মানোন্নয়ন এবং অ্যাক্রিডিটেশন অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।



